ইমরুল শাহেদ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার বলেছেন, যারা নাগরিক নয় তাদের দায় এড়িয়ে যেতে পারে না পাকিস্তান। যারা দশকের পর দশক এদেশে বাস করছে, এখানে জন্মগ্রহণ করেছে এবং বিয়ে করেছে, তাদেরকে নাগরিক অধিকার দেওয়ার জন্য নীতি নির্ধারণ করা প্রয়োজন।
পার্লামেন্টে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য প্রদান করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের এ বিষয়টাকে এড়িয়ে যাওয়া দেশের জন্য উচিত হবে না এবং সেটা ভালোও নয়।’
তিনি বলেন, ‘আমরা করাচি গিয়ে জানতে পেরেছি, সেখানে রাস্তাঘাটে যেসব অপরাধমূলক ঘটনা ঘটছে, সেগুলো ঘটাচ্ছেন সমাজের এই অংশটিই। যদি তাদের নাগরিকত্ব দেওয়া না হয় তাহলে তারা স্কুলে ভর্তি হতে পারবে না, চাকরীও পাবে না। এছাড়া তারা আর কি করবে?’
প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা একটা নিচু শ্রেণীর জন্ম দিচ্ছি। এজন্য নীতি নির্ধারণ করা প্রয়োজন।’
আফগান শরণার্থীদের একটি চুক্তি থাকার কথা পার্লামেন্টে আখতার মেঙ্গল উল্লেখ করলে প্রধানমন্ত্রী তাতে একমত প্রকাশ করেন। কিন্তু তিনি বলেন, পাকিস্তানের ১৯৫১ সালের আইন অনুসারে যেসব শিশুরা পাকিস্তানে জন্মগ্রহণ করবে তারা পাকিস্তানের নাগরিকত্ব পাবে।
তিনি বলেন, ‘অন্যান্য দেশেও এ ধরনের নিয়ম আছে।’
তিনি বলেন, শরণার্থীদের জন্য পাকিস্তানে ভিন্ন ধরনের আইন আছে।’ এক্সপ্রেস ট্রিবিউন