আব্দুর রাজ্জাক: পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখনো উপমহাদেশের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জইস-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইবা এখনো ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক হুমকি স্বরুপ। এমনকি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যাপারে ২০১৭ সালের মার্কিন উদ্বেগকে ইসলামাবাদ যথাযথ গুরুত্ব দিয়ে দেখেনি বলেও অভিযোগ করা হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্র কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম-২০১৭ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পাকিস্তান-আফগানিস্তানে আল-কায়েদার মারাত্মক পতন হলেও ভারতের কিছু এলাকায় এখনো তাদের কার্যক্রম চলমান রয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতের অভ্যন্তরে সক্রিয় সংগঠনটির নাম বলা হয়েছে ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিন্যান্ট’ (একিউআইএস) যা আল-কায়েদার মূল সংগঠনের অধিনস্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানকে ওয়াশিংটন তাদের প্রতিবেদনে সন্ত্রাসীদের জন্য নিরাপদ স্বর্গ দাবি করেছে। তবে দেশটির সেনাবাহিনীর কিছু প্রশংসাও করা হয়েছে। ইসলামাবাদ জাতীয় পরিকল্পনায় তাদের ভূমি ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম রোধে ব্যবস্থা নিচ্ছে এমনকি নিরাপত্তা বাহিনী তেহরিক ই তালেবানসহ বেশ কয়েকটি সংগঠনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। এনডিটিভি