সাইদুল ইসলাম , লন্ডনঃ জাতিসংঘ, ওয়াশিংটন ও মার্কিন পররাষ্ট্র দফতরে বৈঠকের বিস্তারিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করতে জাতিসংঘ থেকে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমেরিকা সফরের বিস্তারিত জানিয়ে দেশে ফিরেছেন তিনি।
যুক্তরাজ্য বিএনপির একাধিক দায়িত্বশীল সুত্র রোববার সকালে আমাদের সময় ডটকমকে জানান, জাতিসংঘ সদর দফতর, মার্কিন পররাষ্ট্র দফতর ও ওয়াশিংটনের প্রাতরাশ বৈঠক শেষে বৈঠকের সামগ্রিক বিষয় ও দেশের পরিস্থিতিতে ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করতে শনিবার অামেরিকা থেকে লন্ডনে অাসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলটি শনিবার সন্ধ্যায় বৈঠক করেন। প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় অার্ন্তজাতিক সম্পাদক, লন্ডন প্রবাসী হুমায়ুন কবীর ও দলের নির্বাহী সদস্য তাবিথ অাউয়াল। বৈঠক শেষে শনিবার লন্ডন সময় রাত দশটা পাচঁ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে দেশের পথে রওনা দেন বিএনপি মহাসচিব।