শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৯ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতা হারিয়ে ক্ষোভে অর্ন্তজ্বালায় বই লিখেছেন সিনহা: কাদের

আহমেদ জাফর: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা সদ্য প্রকাশিত বই ‘অ্যা ব্রোকেন ড্রিম’ বাইটি মনগড়া। ক্ষমতা হারিয়ে ক্ষোভে অন্তরের জ্বালায় তিনি এই বই লেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এস কে সিনহা সত্য কথা বললে প্রধান বিচারপতি থাকাবস্থায় বলেননি কেন? তিনি এখন সাবেক হয়ে গেছেন তাই এতো অন্তর্জ্বালা। আপনি কী পরিস্থিতিতে সাবেক হয়েছেন তা সবাই জানে। বই লিখে মনগড়া কথা বলবেন বিদেশে বসে, সেটা নিয়ে কথা বলার কোন প্রয়োজন আছে? তিনি না কি প্রধান বিচারপতি থাকা অবস্থায় বইটি লিখেছেন, তখন বলার সৎ সাহস একজন বিচারপতির কেন ছিলো না? এখন বিদায় হয়ে পুরানো কথা নতুন করে যা খুশি তাই বলছেন। তারপরেও এবিষয়ে আমরা কোন মন্তব্য করতে চাই না। এখন বিদেশে বসে আপন মনে ভুতুড়ে কথা চাপছেন। এটা আমাদের ও দেশের মানুষের বিশ্বাস করতে হবে? এর কোন যৌক্তিকতা নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক জাতিসংঘ সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে কান্নাকাটি ও নালিশের পর্বটি শেষ করল। কান্নাকাটি করে, আমাদের দেশের জনগণকে ছোট, গণতন্ত্রকে অপমান করল। তারা বলল তাদেরকে জাতিসংঘ মহাসচিব আমন্ত্রণ করেছে । কিন্তু কেউ তাদের কোন লিখিত আমন্ত্রণপত্র পাঠায়নি। জাতিসংঘের মহাসচিব তখন ঘানায়। বিএনপি নেতারা জাতিসংঘ অফিসের নিচে যেয়ে বারবার অনুরোধ করে নিচের পর্যায়ের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল এর সাথে বৈঠক করেছেন। তবে আজকে একটা সিরিয়াস কথা হল বিএনপি জাতিসংঘকে নিয়ে প্রতারণা করেছে, দেশের জনগণকে অপমানিত করেছে, গণতন্ত্রকে অসম্মান করেছে। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণ পত্র যেরকম ভুয়া, ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণ সেই রকমের ভুয়া।
তারা (বিএনপি) আবার তাদের সাম্প্রদায়িক দোসর জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে ২০১৪ সালের মত আগামী জাতীয় নির্বাচনের সামনেও নাশকতা করার ছক তৈরি করছে। সরকারকে বেকায়দায় ফেলতে তারা নানা অপতৎপরতা শুরু করেছে।

ওবায়দুল কাদের বলেন, দলেদলে জনেজনে যে ঐক্যের কথা আসছে। এতে করে কি জনমনে কোন প্রভাব ফেলবে? শেখ হাসিনা ও আওয়ামী লীগের কি জনপ্রিয়তা কমে যাবে? এদেশে এক সময় ৭৬ পাটির ঐক্যে হয়েছিলো। সেটিও কী জনমনে কোন প্রভাব ফেলতে পেরেছে? আমাদের আস্থা আছে, বাংলাদেশের জনমত শেখ হাসিনার পক্ষে রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়