নূর মাজিদ : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ভারতের সবচাইতে বড় বাণিজ্যিক আইনিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির প্রশাসন। এই প্রতিষ্ঠানটির নাম সিরিল অমরচান্দ মঙ্গলদাস ল-ফার্ম। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) ২০০ কোটি ডলার ঋণ তছরুফ এবং তা বিদেশে পাচারের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পৃক্ত থাকার অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষের। পিএনবি থেকে ২০০ কোটি ডলার ঋণ তছরুফ করে তা বিদেশে পাচার করেন পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদি। এটি ভারতের সাম্প্রতিক সময়ের সবচাইতে চাঞ্চল্যকর ঋণ খেলাপি ও অর্থ পাচারের ঘটনা। আইনি প্রতিষ্ঠানটির একজন মক্কেল ছিলেন নীরব মোদি। বিদেশে পালিয়ে যাবার কিছুদিন আগেই তিনি তার অফিস থেকে কয়েক কার্টুন নথিপত্র প্রতিষ্ঠানটির অফিসে পাঠিয়েছিলেন। ভারতীয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।
এই সূত্র ধরেই গতকাল বুধবার মুম্বাইয়ে সিরিল অমরচান্দ মঙ্গলদাসের(ক্যাম) প্রধান কার্যালয়ে অভিযান চালায় সিবিআই। এসময় তারা বিপুল পরিমাণ নথিপত্রও বাজেয়াপ্ত করে। নীরব মোদির দুর্নীতি মামলায় নিয়োজিত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে রাগাভাচারিউলু বলেন, ক্যামের কার্যালয়ে নীরব মোদীর সঙ্গে সম্পর্কিত প্রচুর নথিপত্র পেয়েছে সিবিআই। এখন আইনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে তদন্ত শুরু করা হবে।
সিবিআই’য়ের দুটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, পিএনবি দুর্নীতি মামলায় নীরব মোদির পক্ষে লড়েনি ক্যাম। তাই তারা মক্কেল-আইনজীবী সম্পর্কের গোপনীয়তার কথা বলে এই তদন্ত এড়িয়ে যেতে পারবে না। হিন্দুস্তান টাইমস/রয়টার্স