তরিকুল ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বছর পেরিয়ে গেলেও প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে দ্বিপক্ষীয় ও তৃপক্ষীয় করা কোনো চুক্তি মানছে না মিয়ানমার। সংকটের শুরু থেকে দেশটির একের পর এক মিথ্যাচার আর বাংলাদেশকে দায়ী করার মধ্যে দিয়েই সময় ক্ষেপন করছে। মানবিক এ সংকট দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারে এমন উদ্বেগের জায়গা থেকে আন্তর্জাতিক ফোরাম ও দেশগুলো সরব ছিলো জানিয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশেনে এবার রোহিঙ্গাদের ভাগ্য পরিবর্তনে একাট্টা হতে পারেন বিশ্ব নেতারা।
কারণ হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সংকটের পর বিভিন্ন দেশ ও সংস্থাগুলো এবারই প্রথম বড় কোনো প্লাটফর্মে এক সঙ্গে বসছেন। নিরাপত্তার হুমকি থাকায় সঙ্গত কারনেই রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ব নেতারা সেখানে এর সঠিক উপায় খুঁজে বের করার তাগিদ অনুভব করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও মালয়েশিয়া সংকট তুলে ধরার প্রস্ততি নিয়েছে। এছাড়া তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, আলজেরিয়া, মরক্কো, সুদানসহ বেশ কয়েকটি দেশ তাদের প্রস্তাবনা অধিবেশনে তুলে ধরে সমাধানের প্রত্যাশা করছে। রোহিঙ্গা ইস্যুতে চাপের মুখে থাকা মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিচ্ছেন না।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সংকট মোকাবেলার গুরুত্বটা এবার চূড়ান্ত রুপ নিবে। অধিবেশনে দেয়া বিশ্বনেতাদের বক্তৃতা ছাড়াও সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা, বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুটির টেকসই সমাধানে বিশ্বনেতাদের সহায়তা চাইবেন। আগামী ২৭শে সেপ্টেম্বর রাতে অধিবেশনে বক্তব্য দিবেন তিনি। এস্তানিয়ার প্রেসিডেন্ট কেরসতি কালজুলাইড ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তের সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হবে। জাতিসংঘের অধীন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে দেখা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন সাইড ইভেন্টে অংশ নেবেন।
বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েলকাম রিসিপশনে শেখ হাসিনাও আমন্ত্রণ পেয়েছেন। ওই অনুষ্ঠানের কাছাকাছি সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বরাবরের মতো প্রধানমন্ত্রীর সম্মানে নিউইয়র্কে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত অ্যামেরিকানরা একটি সংবর্ধনার আয়োজন করছেন।
পূর্বনির্ধারিত সূচি মতে, সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন। আগামী ২৫শে সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে উচ্চপর্যায়ের সভা। এতে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে যোগ দিতে ৬ দিনের সরকারি সফরে শুক্রবার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। আগামী ২৯শে অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।