তরিকুল ইসলাম সুমন : পদ্মা, মেঘনা ও যমুনা অববাহিকায় অবস্থিত জেলা সমূহে চার মাস ধরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা। অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোও মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দেওয়ান মোহাম্মদ হানজালা এই প্রতিবেদককে বলেন, এই অধিদপ্তরের আপদকালীন সমস্যা সমাধানের জন্য ইমার্জেন্সি ফান্ড রয়েছে। এই তহবিল দিয়ে নদী ভাঙনে যে সব শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে সেগুলো পাশ্ববর্তী জায়গায় নির্মাণ করে দেওয়া হবে। আর যে সব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। হুমকির মুখে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চার মাসের বন্যা ও নদী ভাঙনে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫ থেকে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো পুরোপুরি নদী গর্ভে বিলীন হয়েছে। এ বিষয়ে স্থানীয় শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্তকর্তাদের কাছ থেকে তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, বরিশালের চরলক্ষীপুর ফাজিল মাদ্রাসা, সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর জোকের চর দাখিল মাদ্রাসা, ফরিদপুরের মধুখালী গয়েষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গয়েষপুর -বক্সিপুর মাধ্যমিক বিদ্যালয়, নেত্রোকানার যাতেপুর এসএসসি বিদ্যালয়, বাঘমারা প্রাথমকি বিদ্যালয়, কানাই পাড়া দাখিল মাদ্রাসা, হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জের চোহালীতে ৮টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও হুমকিতে রয়েছে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাপপাতাল ও বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ফুলপুরের বাঁশতলা উচ্চ বিদ্যালয় ও বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহীর বাঘার চকরাজাপুর উচ্চবিদ্যালয়, মাদারিপুরের শিবচরের একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ তিনটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠার রয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি বেসরকারি নিয়ে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, বগুড়ার জয়শিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদ্মার ভাঙনে শরিয়তপুরের নড়িয়ায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তও হয়েছে। হুমকির মধ্যেও রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।