রনি মহালদার : সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে নামকরা সংবাদপত্রের মালিক হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। কিন্তু তাদের এই আগ্রহের সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি।
বিজনেস সফটওয়্যার কোম্পানি সেলসফোর্ড ডট কমের মালিক মিস্টার বেনিওফ ১৯ কোটি ডলারে কিনেছেন বিশ্বের সবচেয়ে নামকরা সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন। এর আগে আমাজনের মালিক জেফ বেজোস যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট কিনে নেন। এরকম উদাহরণ এখন কম নয়।
মিডিয়া এনালিস্ট কোম্পানি ‘এনডার্স অ্যানালাইস’ এর ডগলাস ম্যাকাবে বলেন, সংবাদপত্রগুলো এখন চাপের মুখে আছে। কারণ তারা শুরুতে অনলাইন সংস্করণ ফ্রি দিয়ে ভুল করেছে আর এখন ডিজিটাল বিজ্ঞাপন থেকে যে পরিমাণ আয় করছে তা প্রিন্ট সংস্করণের থেকে অনেক কম।
বিশ্ব জুড়ে সংবাদপত্রের এখন দুর্দিন চলছে। বিজ্ঞাপনের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। এই অবস্থায় ধনকুবেররা এগিয়ে আসলে সংবাদপত্রগুলো সাড়া না দিয়ে পারছে না।
ধনকুবেরদের সংবাদপত্রের মালিকানা কেনার বিষয়ে বস্টনের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার অধ্যাপক ড্যান কেনেডি বলেন, তারা মনে করেন সংবাদপত্রগুলোর আর্থিক বিচক্ষণতার অভাব রয়েছে। এ অবস্থায় তারা মালিক হলে পরিস্থিতি আবারও উন্নত হবে। বিবিসি