তরিকুল ইসলাম সুমন: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ও হোটেল লা-মেরিডিয়ানের সত্ত্বাধিকারী আমিন আহম্মেদ ভূইঁয়াকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপপরিচালক মোশারফ হোসেইন পৃথক নোটিশ করেছেন। চিঠিটি তাদের নিজ ঠিকানায় পাঠানো হয়েছে বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।
নোটিশে এম এ হাসেমকে আগামী ২৬ সেপ্টেম্বর ও আমিন আহম্মেদ ভূইঁয়াকে ২৭ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এম এ হাসেমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, অবৈধ ব্যবসা পরিচালনা ও সরকারের বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি দখলসহ শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া পারটেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে স্বল্প মূল্যে পণ্য আমদানি করে মূল্য বেশি দেখিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে।
অন্যদিকে আমিন আহম্মেদ ভূইঁয়ার বিরুদ্ধে হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যবসা ও সরকারি সম্পত্তি আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া নোয়াখালীর সুবর্ণচর এলাকায় ৭০০ একর খাস জমি জবর দখল করে রাখারও অভিযোগ রয়েছে। পাশাপাশি হোটেল ব্যবসার আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচারেরও অভিযোগ রয়েছে।