আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে চলমান যুদ্ধের কারণে খাবার ও জ্বালানীর দাম বেড়ে যাওয়ায় ৫০ লাখের বেশি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বুধবার একথা জানিয়েছে। - খবর এএফপি’র।
সংস্থাটি জানায়, ইয়েমেনে খাবারের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশটিতে অতিরিক্ত ১০ লাখ শিশু এখন দুর্ভিক্ষের ঝুঁকির মধ্যে রয়েছে। এনিয়ে দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা মোট শিশুর সংখ্যা বেড়ে ৫২ লাখে দাঁড়ালো।
আন্তর্জাতিক এ সংস্থা আরো জানায়, বন্দরে যে কোন ধরনের অবরোধ লাখো শিশুর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিবে। এছাড়া আরো কয়েক লাখ শিশুকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে।
২০১৪ সাল থেকে দেশটিতে ইরান সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের সাথে প্রেসিডেন্ট আব্দেরাব্বো মানসুর হাদি’র অনুগত সৈন্যদের সংঘর্ষ চলছে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন প্রেসিডেন্টের পক্ষে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সৌদি আরব হুতিদের সমর্থন দেয়ার জন্য ইরানকে অভিযুক্ত করে। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার লোক প্রাণ হারিয়েছে।
সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের সিইও হেলে থোরনিং স্কিমিড বলেন, ‘ইয়েমেনের লাখ লাখ শিশু জানে না তারা আবার কখন খাবে। কখন তাদের খাবার আসবে।’
যুদ্ধে বিপর্যস্ত হয়ে ইয়েমেনে দ্রুত গতিতে বাড়ছে দ্রব্যমূল্য। কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষক ও সরকারী চাকুরীজীবীরা। কেউ কেউ প্রায় দুই বছর ধরে কোন বেতন পাচ্ছেন না। এর মধ্যে খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৮ শতাংশ। স্থানীয় মুদ্রা ইয়েমেনী রিয়াল মান হারিয়েছে প্রায় ১৮০ শতাংশ।