তাসকিনা ইয়াসমিন : তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক জেনারেল ম্যানেজার মো. মনজুরুল হকের বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন এই চার্জশিট অনুমোদন দেয়। দুদক সূত্র এতথ্য জানায়। দুদককে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৬০ লাখ ৭৫ হাজার ৩শ টাকার সম্পদের তথ্য গোপন করেন। তার বিরুদ্ধে অনুসন্ধানে ৮০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রমাণ পায় দুদক। এ কারণে দুদকের উপ-পরিচালক শেখ আবদুস সালাম তার বিরুদ্ধে একটি মামলা করেন। রমনা মডেল (ডিএমপি) থানায় এই বছরের ৪ জানুয়ারি মামলা করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারায় মামলাটি করা হয়। মামলা পরবর্তী তদন্ত করেন দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার। সম্পাদনা : তরিকুল ইসলাম সুমন